বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ঈদুল আজহা সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ে বলেছেন, ‘‌ঈদ ঘিরে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়ার চেষ্টা করে। এটি ভোক্তা অধিকার সামাল দেবে। আশা করছি আমরা সফল হব। দেশে পেঁয়াজের দাম কমেছে। ভারতীয় পেঁয়াজ সব জায়গায় পৌঁছতে পারেনি। ভারতীয় পেঁয়াজ সব জায়গায় গেলে দাম আরো কমে যাবে।’

গতকাল বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে তিনি বলেন, ‘‌বিশেষ কারণে যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি তাদের নিজস্ব পলিসি। বিভিন্ন সময় তারা কোনো কোনো ক্ষেত্রে এটি করেছে। যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞা চিরস্থায়ী ব্যাপার নয়। এটি যেকোনো সময় উঠে যাবে।’

বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‌প্রস্তাবিত বাজেট এখনো পাস হয়নি। এটি নিয়ে অনেক কথা আছে, অনেক কাটছাঁট হবে। তর্ক-বিতর্ক হবে। বর্তমান সরকার প্রগ্রেসিভ সরকার। অনেক প্রস্তাব আসবে। বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী পজেটিভ, তিনি বাজেটে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করবেন।’