কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে। গতকাল ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধারকাজ চালাতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

নৌকার মালিক মোহাম্মদ আমিন বলেন, ‘মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবি সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ডুবে যায়। এতে ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহি নিখোঁজ রয়েছেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। এ সময় একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হন।’