৯৫ বছর বয়সী কুলছুমা বেগম। মেয়ে ও নাতনিদের নিয়ে একসঙ্গে ঈদ করবেন বলে ময়মনসিংহ শহর থেকে অটোযোগে গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন মেয়ে-জামাই ও চার নাতনি। গৌরীপুর উপজেলার চন্দ্রপুর ও সদর উপজেলার সাহেব কাচারির মধ্যবর্তী ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে কুলছুমা, তার মেয়ে ও দুই নাতনিসহ এক পরিবারের চারজন নিহত হন।

ময়মনসিংহ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরে চারজন, টাঙ্গাইলে দুজন এবং সাতক্ষীরা ও ভালুকায় একজন করে মারা গেছেন।

ময়মনসিংহ: গৌরীপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী গৌরীপুরের ভাঙনামারী এলাকার কুলসুম বেগম (৯৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬) নিহত হন। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে প্রীতি প্রথম ও রীতি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের বোন মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। মামাতো বোন শ্যামলী বিবাহিত।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে আসা যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আরো একজনের মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সকালে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ঘোড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা উল্টো পথে আসছিল। এ সময় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে আসার সময় কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত স্বামী-স্ত্রী, দুই সন্তান চালকসহ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার সাইনবোর্ড এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়।

সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনায় জোবাইদা খাতুন নামের এক তরুণী নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি ও তুজুলপুর এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। জোবাইদা খাতুন (১৮) সদর উপজেলার শিবনগর গ্রামের ইবাদুল ইসলামের কন্যা।

টাঙ্গাইল: কালিহাতীতে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের রঞ্জিত দাস ও তার স্ত্রী বন্দনা দাস।