স্বাধীনতায় পরাজিত অপশক্তির কোনো রকম আস্ফালন আওয়ামী লীগ মেনে নেবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনের নামে জনজীবনে কোনো রকম দুর্ভোগ মেনে নেয়া হবে না। আর কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে।
সোমবার (১৫ জুলাই) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ সব কথা বলেন। তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য আন্দোলনের নেপথ্যে নেতা, মতলববাজ ও কুশীলবরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত করেছেন। কোটা সুবিধা মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা পাবে না তো রাজাকারের নাতি-পুতিরা পাবে— এ কথা প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা বা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু পর্যন্ত পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ করা হবে। যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল নন, যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরববোধ করেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করে না?’
মন্ত্রী বলেন, ‘আন্দোলনের কুশীলব জামায়াত-বিএনপিসহ অপশক্তির স্বরূপ উন্মোচিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে মুক্তিযুদ্ধের অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধৃষ্টটা কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা চরম ধৃষ্টটা। রাজাকার স্লোগানকারীদের কোনো ধরনের জবাবদিহির আওতায় আনার দাবি আওয়ামী লীগ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ছাত্র আন্দোলনের যে বক্তব্য কতিপয় নেতা দিয়েছেন, সেটার জবাব ছাত্রলীগই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে। তখন দেখা যাবে। আমরাও মোকাবিলা করতে প্রস্তুত।










