কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলী (মিজানুর রহমান)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান। মেলাটি বুধবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

কথাসাহিত্যিক রহমান শেলী বলেন, বই হচ্ছে মানুষের মনের খোরাক। মন সুন্দর করতে হলে বই পড়তে হবে। মুখে স্নো পাউডার দিলে যেমন চেহারা সুন্দর হয়, তেমনি বই পড়লে মন সুন্দর হয়।

তিনি বলেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামকে দেখিনি। কিন্তু তার বই আমরা পড়ে থাকি। তার মানে কি দাঁড়াল? তাদের না দেখলেও তাদের বই পড়ে তাদের যে চিন্তা-ভাবনা ছিল সমাজ ও মানুষকে নিয়ে তা আমরা জানতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি, আমাদের প্রত্যেকের মনে তারা বাস করে।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, একাডেমির বাইরেও প্রচুর বই পড়তে হবে। গল্প, কবিতা, উপন্যাস পড়লে ক্লাসেও ভালো শিক্ষার্থী হওয়া যায়। ক্লাসের পড়ার আগ্রহ বাড়ে। একটি জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা অনন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান। বইমেলা ব্যবস্থাপনায় ছিলেন কংশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহালুল কবির, সহকারী শিক্ষক আবু ইউসুফ ও অন্যান্য শিক্ষকরা।