স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে।
সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৪ মে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৪ টাকা কমানো হয়। তার আগে ২০, ১৯, ১২, ৮, ৬ ও ৫ মে ছয় দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। ছয় দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ে ১০ হাজার ৩৮১ টাকা। এখন দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ৩৬৭ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৩৬ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬২ টাকা কমিয়ে ৯৫ হাজার ৮৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৯ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।










