বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ২১ নভেম্বর শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
গতকাল এসব তথ্য দিয়েছেন বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমরা ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষার নেয়ার জন্য সেই প্রস্তুতি নিয়ে আগাচ্ছি।’
বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫সহ পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ‘এ প্লাস’ থাকতে হবে, সেক্ষেত্রে এবার আবেদন সংখ্যা কমে যাবে। তার পরও শিক্ষার্থীদের ভর্তি আবেদন যোগ্যতা গত বছরের মতো স্থির রাখার বিষয়ে অনড় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘আমরা পরীক্ষা নেব মাত্র ১০ হাজার শিক্ষার্থীর। সেখানে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তার দ্বিগুণ। ১০ হাজারের বেশি আবেদন পড়লে সেখান থেকে অনেকে বাদ পড়বে। তাই আমাদের ভর্তি আবেদন যোগ্যতা শিথিল করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের ভর্তি পরীক্ষা নেয়ার জায়গা সীমিত। আমরা ১০ হাজারের বেশি শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারি না।’
ভর্তি আবেদনের সময়সীমা কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।










