মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্যতম শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এ চেতনাকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। নানা রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানের ঘটনা দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নেয়।’
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ অন্যরা।










