এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।
গতকাল সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে; পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।’
বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে এবং কিছু সড়কে কাজও শুরু হয়েছে।’
ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা হন। উপজেলার দোহাজারীতে পৌঁছানোর পর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অর্থমন্ত্রীসহ বিএনপির অন্য নেতাকর্মীদের নিয়ে এ অঞ্চলের ত্রাণ বিতরণী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে।
তবে মঞ্চ ভেঙে পড়লেও কেউ সেখান থেকে নিচে পড়ে যাননি বলে জানা গেছে। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগেই মঞ্চে স্থানীয় অনেক নেতাকর্মীর ভিড় দেখা যায়। তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণাও দেয়া হয়। এর মধ্যেই অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে তার সঙ্গে আরো কিছু নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিট পরই মঞ্চটি ভেঙে পড়ে। এরপর ভাঙা মঞ্চে দাঁড়িয়ে পাশের কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অর্থমন্ত্রী।
পরে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।










