মানিকগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে নছিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, গতকাল সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। সিঙ্গাইর-হেমায়েতপুর মহাসড়কের আউটপাড়া মোড় এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক শাহীন মোল্লা (৪২), যাত্রী জসিম তালুকদার (৪৫) ও তার নাতি ইয়াসিন (৫) ঘটনাস্থলে মারা যান। শাহিন মোল্লা মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে সাইদুর রহমানের (৩৫) নাম পাওয়া গেলেও ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। গতকাল বেলা ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া খানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাইদুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়ে তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান যাচ্ছিল। হামকুড়িয়া এলাকায় পৌঁছলে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হন। সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।










