আমি কোন প্রতীকে দিলাম, আমার দেয়া ভোট শুদ্ধ না অশুদ্ধ, সবকিছু স্বয়ংক্রিয়ভাবে বলে দি?চ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। তাই সঠিকভাবে সহজে ভোট দিতে পারছি। খুবই সুন্দর, চমত্কার ও নিশ্চিত। এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, ডিজিটাল বাংলাদেশের উদাহরণ। ইভিএম সব জায়গায় চালু করা উচিত।
গতকাল সকালে বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এদিকে দুপুরে ১ নং ওয়ার্ড কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার জেরিন আখতার সাংবাদিকদের বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৭ নং ওয়ার্ড পরিদর্শনকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, শুরুর দিকে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে চলছিল। জেলা প্রশাসনের হস্তক্ষেপের পর ভোটগ্রহণে গতি বেড়েছে। এরপর কোনো অভিযোগ ছাড়াই ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন। কোনো প্রার্থীর অভিযোগও নেই।









