কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, ‘আম পচনশীল পণ্য। তাই মৌসুমে একটা পার্সেন্টেজ আম নষ্ট হবেই। আমরা আম কিছু সময়ের জন্য সংরক্ষণ করতে চাই, অন্যান্য কৃষিজাত পণ্যও সংরক্ষণ করতে চাই। সেজন্য দেশের আটটি বিভাগে আটটি কোল্ড স্টোরেজ নির্মাণ করব। এজন্য আরো অপেক্ষা করতে হবে। কারণ এ প্রজেক্টের জন্য অনেক টাকার দরকার। আমরা দেশী-বিদেশী সহযোগিতায় এটা করতে চাই।’

গতকাল দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে আম বাগান পরিদর্শন ও আমচাষীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।

আমের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়া, বেলারুশ, চীন, জাপান ও ভারতের সঙ্গে কথা বলেছি। তারা বাংলাদেশের আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা চেষ্টা করছি বেশি পরিমাণ আম রফতানি করার। এজন্য চীনের একটি প্রতিনিধি দল শিগগিরই রাজশাহীর আম দেখতে আসবে। দলটির সঙ্গে কথা বলে আমের সঠিক মূল্যনির্ধারণের জন্য কিছু কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।’