কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘যারা এসবের সঙ্গে জড়িত, সারাদেশের আনাচে–কানাচে যে যেখানে আছেন তাদের খুঁজে বের করুন। তাদের শাস্তির ব্যবস্থা করতে সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সে আহ্বান জানাই।’ ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন শেষে শুক্রবার (২৬ জুলাই) সকালে এ কথা বলেন তিনি। খবর বাসস।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে বলবো, ঢাকাবাসীকে বলবো, যাদের জন্য আজ আপনাদের এই দুর্ভোগ, যারা ধ্বংস করলো, যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের ওপরই দিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘যারা এদেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে; তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ, এদেশের জনগণই একমাত্র শক্তি।’

কেউ মিথ্যাচার চালিয়ে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুক।’

এ সময় বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পরিস্থিতির বর্ণনা দেন। অনুষ্ঠানে বিটিভি সদর দফতর ও ভবনে ভাংচুরের একটি ভিডিও প্রধানমন্ত্রীকে দেখানো হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।