বগুড়ায় তেলবাহী ট্যাংকারের চাপায় মোটর সাইকেল আরোহী ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) রায়হানুল ইসলাম (৪২) নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় বাড়ি ফেরার পথে জেলার শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত রায়হানুল শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার সফির উদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বনানী মোড়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রায়হান। তিনি মোটরসাইকেলে করে যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার তেলবাহী ট্যাংকার কাভার্ড তাকে চাপা দেয়। চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের বন্ধু পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা মোস্তাকিম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন রায়হান উদ্দিন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার বাদ যোহর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।