বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতির সময় নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্যও সহায়তা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সে সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি দলের অন্যতম খেলোয়াড় ছিলেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এশিয়ান ফুটবল সংস্থার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেয়ার অভিযানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।