মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। তিনদিন ধরে কমতে থাকার পর আজ বুধবার দুপুরে এ টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার নতুন কার্গো এলে টার্মিনালটি থেকে আবারো গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রায় এক মাস ধরে তীব্র গ্যাস সংকটের পর গত শনিবার সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হয়। এর ফলে সে সময় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বৃদ্ধি পায়। তবে নতুন কার্গো না থাকায় তিনদিন ধরে এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ কমে আসছিল। আজ দুপুরে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে সামিটের টার্মিনাল সচল রয়েছে। সেখান থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

জানা গেছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কম দামে এলএনজি কিনতে সরাসরি ক্রয়পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেয়া হয়েছিল। এ মাসেই তার চারটি আসার কথা, একটিও আসেনি। সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, এলএনজি টার্মিনাল ঠিক আছে। তবে সরবরাহ লাইনে কার্গো না থাকায় টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আগামীকাল একটি কার্গো আসবে, এরপর গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে।