আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরণের মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে। হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন, ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে গত ২০ এপ্রিল বিকালে জেলা প্রশাসন আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে তিনমাস পর্যন্ত সব ধরণের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বাসসকে জানান, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে কাপ্তাই হ্রদে তিনমাসের জন্য মৎস্য আহরণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মধ্যরাত থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তিনি জানান, এ সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারিভাবে খাদ্যশষ্য বিতরণ করা হবে।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।










