মাদারীপুরে বৌভাতের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হেমায়েত ঢালী নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার সিডি রোডের রিপন দেওয়ানের মেয়ের সঙ্গে মোড়লকান্দি গ্রামের খলিল ব্যাপারীর বিয়ে হয়। গতকাল দুপুরে বরের বাড়িতে আয়োজন করা হয় বৌভাত অনুষ্ঠানের। দাওয়াত দেয়া হয় পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়াকে। দুপুরে সুরুজকে খাবার পরিবেশন করা হয়। এ সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান সুরুজ। এক পর্যায়ে সুরুজের সঙ্গে থাকা লোকজন বর খলিল ব্যাপারীর লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ আহত হন অন্তত ১০ জন।

শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, বৌভাতের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় এ সংঘর্ষ হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।