বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের চারশতম ম্যাচ। আর এমন মাইলফলকের ম্যাচে টাইগাররা ১০৫ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পাওয়ায় হোয়াইটওয়াশ থেকেও রক্ষা পেয়েছেন তামিম ইকবালরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে গতকাল প্রথম দুই ওয়ানডের মতোই টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। সিরিজহারা শেষ ম্যাচে কিছুটা সাবধানী হাতে ব্যাট চালাচ্ছিলেন অধিনায়ক তামিম ও সঙ্গী আনামুল। তবে নবম ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ৩০ বলে ১৯ রান করা তামিম। এর পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে ৯০ বলে ৭৭ রানের জুটি বেঁধে বাংলাদেশকে চাপমুক্ত করেন আনামুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৬টি চার ও ২টি ছক্কায় ৮১ বলে অপরাজিত ৮৫ রান করেন আফিফ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৫৬ রান। জিম্বাবুয়ের পক্ষে ইভান্স-জংওয়ে নেন ২টি করে উইকেট।
২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলিংকে ঠিকমতো সামলাতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম দুই ওভারে ৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। শেষ উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন লোয়ার অর্ডার ব্যাটার এনগারাভা ও নিয়ুচি। ৫৮ বলে ৬৯ রানের জুটিতে জিম্বাবুয়ের স্কোর ১৫০ স্পর্শ করে।










