সাতক্ষীরা জেলার ভোমরা সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর ঢালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের আলিপুর বাজার খোলা এলাকার খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার নুর আলী সরদারের ছেলে আব্দুল হান্নান (৪০)। আব্দুল হান্নায় ভাড়ায় মোটরসাইকেল চালানোর কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে ভোমরা স্থলবন্দরে যাচ্ছিল একটি খালি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শরীফুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।