নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ময়মনসিংহে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে সিটি করপোরেশন, প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। মাস্ক ছাড়া কোনো ধরনের সেবা দেয়া থেকেও বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মাস্ক ব্যবহার নিশ্চিতে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ২৩ নভেম্বর থেকে ও জেলা প্রশাসন ৩০ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে। পাশাপাশি ময়মনসিংহে সব যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম। গতকাল দুপুরে মসিক শাহাবুদ্দিন মিলনায়তনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যবসয়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক নাগরিককে মাস্ক পরতে হবে।
তিনি মানসম্পন্ন সার্জিক্যাল মাস্ক ন্যায্যমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২২ নভেম্বর মসিকের ৩৩টি ওয়ার্ডে একযোগে মাস্ক বিতরণসহ ব্যাপক প্রচারণা চালানো হবে এবং ২৩ নভেম্বর থেকে মসিকের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমার উজ্জামান, দোকান মালিক সমিতির সভাপতি এসএম বজলুর রহমান, মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির নেতা মুনসুর আলম চন্দন, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা ও জেলে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো সবার মাস্ক পরা নিশ্চিত করা। মাস্ক না পরলে ছয় মাসের জেল এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার আইন রয়েছে। ২৯ নভেম্বর সিটি করপোরেশনসহ জেলার ১৩টি উপজেলায় একযোগে মাস্ক পরার জন্য সচেতনতা ক্যাম্পেইন চালু করা হবে। মাস্ক না পরলে ৩০ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।









