রাজশাহী নগরীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সপুরা এলাকায় এ অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে রেজাউল করিম (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (৩৫)। দুজনই নগরী রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‌নিহত দুই শ্রমিক নগরীর সপুরা এলাকার মডার্ন ফুডের মালিক আব্দুল মালেকের বাড়িতে কাজে এসেছিলেন। এ বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে তাদের বেঁধে ফেলা হয়। এরপর থেকে রাত ৯টা পর্যন্ত তাদের ওপর দফায় দফায় নির্যাতন চালানো হয়। টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টাও চলে। রাত ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ওই বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে। পুলিশের পিকআপে করেই দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।’

ওসি আরো জানান, নির্যাতনের সময় ভিডিও করা হয়েছে। সেই ভিডিও জব্দ করা হয়েছে। এছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত মডার্ন ফুডের মালিকের ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহর শ্বশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ব্যবস্থাপক এমরান হোসেনকে আটক করা হয়েছে।