নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘আগামী ৪ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ দিন আওয়ামী লীগের নির্বাচনী শেষ সমাবেশটি হবে নারায়ণগঞ্জে। সেই সমাবেশে জাতির পিতার কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন।’ গতকাল নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেলস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শামীম ওসমান বলেন, ‘কিছুক্ষণ আগে দলের সাধারণ সম্পাদক ও আমাদের প্রিয় নেতা কনফার্ম করেছেন আগামী ৪ জানুয়ারি বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ শহরের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবেন। নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। সভাটি রাজধানীতে না করে আমাদের যে মূল্যায়ন করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জ ছিল আওয়ামী লীগের ঘাঁটি। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রিয় ছিল এ নারায়ণগঞ্জ। সেই দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে আমি জাতির পিতার কন্যার কাছে আহ্বান জানিয়েছিলাম, নির্বাচনকালীন সর্বশেষ সভাটি যদি নারায়ণগঞ্জে হয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ আনন্দিত হবে। জাতির পিতার কন্যা নারায়ণগঞ্জকে গুরুত্ব দেয়ায় আমরা কৃতজ্ঞ ও গর্বিত।’










