রাজধানী ঢাকাসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েছেন। এর মধ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইলে দুজন এবং নরসিংদী, গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও ফেনীতে চারজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীসহ রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রিকশাযাত্রী দিদার এলাহী (৩৪)। তবে নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। দিদার এলাহী এসবিএসি ব্যাংকের মতিঝিল শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই মুজাহিদুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কাভার্ড ভ্যান শনাক্তের চেষ্টা চলছে।
নরসিংদী: জেলার ঘোড়াশালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ময়ুরী বেগম (৭৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল সকালে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়ুরী বেগম ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘোড়াশাল থেকে একটি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। বাইপাস সড়কে পৌঁছলে একটি কুকুর দৌড়ে সড়ক পার হচ্ছিল। চালক কুকুরটিকে বাঁচাতে ব্রেক করলে অটোরিকশাটি উল্টে যায়। ময়ূরী বেগম অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পলাশ থানার এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বৈঠাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া (২৮) রাজধানীর মিরপুর মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিকআপটি বগুড়া যাওয়ার পথে বৈঠাখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ ভেঙে ট্রাকের সঙ্গে আটকে যায়। এ সময় পিকআপচালক রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা: দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কাঁচাবাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে। তিনি দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, রাকিব মোটরসাইকেলে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজে পরীক্ষা দেয়ার জন্য আসছিলেন। তিন রাস্তার মোড়ে পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী একটি ট্রাক মোটরসাইকলেটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাকিব।
ফেনী: পরশুরামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবদুর রহমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে। সে পরশুরামে একটি মোটরসাইকেল গ্যারেজ শ্রমিকের কাজ করত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যারেজ থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিল আবদুর রহমান। মালিপাথর সড়কে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।










