পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, চট্টগ্রাম ও ময়মনসিংহে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পাবনা: ঈশ্বরদী শহর থেকে যাত্রী নিয়ে দাশুড়িয়া যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। পথে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকায় পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ চারজন নিহত হন। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি পাবনার দিকে যাচ্ছিল। এ সময় সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। দুর্ঘটনার পর পরই বাসচালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে।
টাঙ্গাইল: কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম: পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহচান্দ আউলিয়া মাদ্রাসার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন মোজাদ্দেদী ওই এলাকার মৃত মাওলানা মুছা মোজাদ্দেদীর (র.) ছেলে। তিনি চন্দনাইশের এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
ময়মনসিংহ: হালুয়াঘাটে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার পৌর শহরের টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার লক্ষ্মীকুড়া এলাকার ইব্রাহিমের ছেলে।










