শিক্ষার্থীদের রাজনীতি কম করে পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও থার্ড ল্যাঙ্গুয়েজ (তৃতীয় ভাষা) রপ্ত করে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনারে উপাচার্য প্রধান অতিথি ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, রাজনীতিটা কম করে বেশি করে পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। আমি রাজনীতিতে নিরুৎসাহিত করছি না—রাজনীতির প্রয়োজন আছে। তবে রাজনীতি একটু কম করে পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমে মনোযোগ দেয়া প্রয়োজন। কারণ রাজনীতি আমাদের লিডারশিপ ডেভেলপ করতে সাহায্য করে, এটা সত্য; কিন্তু আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজও সমানভাবে লিডারশিপ ডেভেলপ করতে সাহায্য করে।
বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষার সুযোগ তৈরির বিষয়ে উপাচার্য বলেন, সরকার ও প্রধানমন্ত্রীর চাওয়া হচ্ছে—এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে থার্ড ল্যাঙ্গুয়েজ যুক্ত করা, যাতে আমাদের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। সবাই বাংলা ও ইংরেজি জানে, কিন্তু পাশাপাশি যদি চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, অ্যারাবিক বা ফ্রেঞ্চ ভাষা রপ্ত করতে পারো, তবে তোমরা অন্যদের চেয়ে এগিয়ে যাবে। আমরা আগামী বছরের শুরুতেই ভাষার ইনস্ট্রাক্টর এনে সেন্টারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
অ্যালামনাইদের অবদানের প্রশংসা করে অধ্যাপক ড. গোলাম রব্বানী আরো বলেন, আমরা আনন্দিত যে নোবিপ্রবির প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করছেন। অতীতে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়ে অ্যালামনাইরা যদি এগিয়ে যেতে পারেন, তবে বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আরো বেশি কিছু আশা করতে পারি। এ ধরনের আয়োজন প্রবীণ ও নবীনদের মাঝে একটি চমৎকার মেলবন্ধন গড়ে তুলবে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৩য় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু ও একাডেমিক কারিকুলাম ডেভেলপমেন্টে সহযোগিতার আহ্বান জানান।
নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
সেমিনারে মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নোবিপ্রবির অ্যালামনাই ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান রিমেল।










