সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

আজ শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে দোয়া শেষে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। এ সময় জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ২০৩০ ভিশন এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

তৌহিদুর রহমান আউয়াল বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মশিউর রহমান জাদু মিয়া জিয়াউর রহমান সম্পর্কে ‘ভালো, সৎ ও দেশপ্রেমী’—এ তিন শব্দ ব্যবহার করেছিলেন। তার মতে, জিয়া পরিবার এখনো সেই আদর্শ ও ধারা অব্যাহত রেখেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা ও জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। দেশ গঠনের জন্য এখন উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি।

আউয়াল বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উদ্যোগেই জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।