চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ। সোমবার (১৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলতি অর্থবছরের (২০২৫-২৬) এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এরমধ্যে জুলাই-নভেম্বর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ২৮ হাজার ৪৩ কোটি ৬২ লাখ টাকা। যা মোট এডিপি বরাদ্দের ১১ দশমিক ৭৫ শতাংশ। এরমধ্যে শুধু নভেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার ছিল ৩ দশমিক ৪২ শতাংশ। এর আগে জুলাই-অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।

আইএমইডির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট এডিপি বরাদ্দের ১২ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১৭ দশমিক ০৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ছিল ১৮ দশমিক ৪১ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে এ হার ছিল ১৮ দশমিক শূন্য ৬১ শতাংশ।

চলতি অর্থবছরে মূল প্রকল্প রয়েছে ১ হাজার ১৭৩ টি, উপপ্রকল্প ১৬টি এবং উন্নয়ন সহায়তা থেকে ৯টি।