এসব অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা তেলের মধ্যে ১ লাখ ২২ হাজার লিটার ভোজ্যতেল ও ছয় হাজার লিটার জ্বালানি তেল রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

চট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনবিহীন লেবেলিং ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়ে ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করেছে র‍্যাব-৭। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফেনী: জেলায় ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

যশোর: শহরের নীলগঞ্জ এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেসার্স নওয়াব আলী গুদামের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর: সালথায় অবৈধভাবে ১৯৩ লিটার পেট্রল বহন ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

কুষ্টিয়া: জেলায় ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মাসুম আলী এ তথ্য নিশ্চিত করেন।

বরিশাল: গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সুনীল সিকদারের হাটসংলগ্ন চর সরিকল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল করিম সিকদারের ছেলে হালিম সিকদারের দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় ব্যবসায়ী হালিম সিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ: সোনারগাঁয় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন ও র‍্যাব সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ২০০ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।