নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল ৯টায় জেলার বদলগাছীতে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ভোরে জেলার সড়কগুলোয় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। এর পরও হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হয়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। বীজতলার ক্ষতি হওয়ায় ধান রোপণে পিছিয়ে পড়তে হচ্ছে তাদের।
শহরের খাঁস নওগাঁ মহল্লার রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘জীবিকার তাগিদে কুয়াশায় আচ্ছন্ন শীতের মধ্যেও ভোরে বেরিয়েছি রিকশা নিয়ে। বেলা বাড়ার পর সূর্য উঠলেও প্রচণ্ড ঠাণ্ডা বাতাস বইছে। বিকালের আগেই সূর্য হারিয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। যতই ঠাণ্ডা পড়ুক রিকশা নিয়ে বের না হলে পেটে ভাত জুটবে না। তাই কনকনে শীতের মধ্যেও বের হতে হচ্ছে।’
সদর উপজেলার বাচাড়ী গ্রামের কৃষক আহসান হাবিব বলেন, ‘এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীত আরো বাড়তে থাকলে এবার ধান রোপণ পিছিয়ে যাবে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বেন।’
বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বর্তমানে প্রতিদিন সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ও বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে।’










