তিস্তাসহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে, সেগুলোয় নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তীকালীন সরকার।’ গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানি উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব।’










