মাদারীপুরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তাকে এ জরিমানা করা হয়। সদর উপজেলার মহিষেরচর এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান। অর্থ দণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিকের পক্ষে জরিমানা পরিশোধ করেন তার ম্যানেজার রনি খান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার মহিষেরচর এলাকার কেএইচবি ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের কারাদণ্ডের কথা বলা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জানান, পরিবেশের ক্ষতি করে ইটভাটায় কেউ কাঠ পোড়াতে পারবে না। এটা পরিবেশ অধিদপ্তরের আদেশে বলা আছে। কেএইচবি ইটভাটার পরিশোধ করা জরিমানা জেলা প্রশাসনের রাজস্ব শাখায় জমা দেয়া হয়েছে। পরিবেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।