বাংলাদেশকে সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। একই সঙ্গে বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বাড়তে থাকা আগ্রহের কথা জানিয়ে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বৈঠকের সাইডলাইনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে দুদেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

হুমায়ুন কবির বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরের মধ্য দিয়ে বিভিন্ন খাতে বিস্তৃত সহযোগিতা এগিয়ে নেয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। এ সময় প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা করেন তিনি। নিকট ভবিষ্যতে দুদেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের কথাও উল্লেখ করেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরো সম্প্রসারণে আগ্রহী।

বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশী প্রবাসীদের অবদানেরও প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আবদুলকরিম আল-খেরেইজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।