কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সাময়িক বরখাস্তকৃতরা হলেন— স্টেশনের গার্ড আবদুল কাদের, লোকো মাস্টার জসিম উদ্দিন, সহকারী লোকো মাস্টার মো. মহসিন ও সিগন্যাল মেইনটেইনার আবদুল ওয়াহিদ। এদিকে গতকাল সকাল থেকে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত রেলের বগিগুলো উদ্ধারের কাজ চালানো হয়।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশানের গঠিত তদন্ত কমিটি। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন, কমিটির সদস্য সচিব নাঙ্গলকোট ইউএনও রায়হান মেহবুব ও কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান ও লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন। ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন বলেন, ‘আমরা কাজ করছি ঘটনাটি নিয়ে। তিন কার্যদিবসের মধ্যেই ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করছি।’










