বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা অফিসারকে হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে যশোরে একটি হোটেলে খুলনা বিভাগের ছয় জেলার সাবেক সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষনেতাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনা আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তিনি গুম করেছেন, খুন করেছেন। বিভিন্নভাবে অত্যাচার ও জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে খুনী শেখ হাসিনাসহ তার সহযোগীরা। এখন সেসব তথ্য বেরিয়ে আসছে। ৫৭ জন সেনাকর্মকর্তাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে।’
বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘দেশে এখন ক্লান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে। কিন্তু তার দোসররা এখনো সক্রিয় রয়েছেন দেশকে অস্থিতিশীল করতে। দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সে আন্দোলনে বিএনপির শীর্ষনেতাদের হারিয়েছি। অনেক নেতা গুম হয়েছে। সর্বশেষ ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদ আন্দোলনে যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।’
শেখ হাসিনার আর দেশে ফেরত আসার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘হাজার হাজার প্রাণের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। দেশ প্রতিনিয়ত গণতান্ত্রিক ধারায় ধাবিত হচ্ছে। গণহত্যার বিচার হচ্ছে। শেখ হাসিনার বিচার হবে। এ বাংলাদেশে খুনী শেখ হাসিনার ফিরিয়ে আসার সুযোগ নেই। তাকে বিচারের সম্মুখীন হতে হবে।’
তিনি আরো বলেন, ‘সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র শেষ হযনি, ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সহসভাপতি আবু আফসান ইয়াহইয়া।
সভায় খুলনা বিভাগের ছয় জেলা— যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষনেতা ও সাবেক সংসদ সদস্যরা তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠানে বিএনপির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান যশোর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।










