টাঙ্গাইল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়া প্রথম ব্যক্তি অখিল চন্দ্র সরকার সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নারায়ণগঞ্জের পলি ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত এই স্বাস্থ্যকর্মী গেল ৭ এপ্রিল করোনাভাইরাসের পরীক্ষায় পজিটিভ হন।

মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর করোনামুক্ত হলেন। ডা. মাকসুদা খানম জানান, চিকিৎসাধীন অবস্থায় পর পর দুবার করোনা টেস্টে মির্জাপুরের এই ব্যক্তির নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা মুক্ত বলে নিশ্চিত করেন উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও সতর্কতার সাথে তাকে নিরাপদ স্থানে অবস্থান করারও পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।

গেল ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গ্রামে বাড়ি মির্জাপুরে ফেরেন অখিল। সেসময় তার শরীরে করোনার উপসর্গ ছিল না বলে জানান। পরে তার শারীরিকভাবে খারাপ লাগলে তিনি স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করেন। করোনায় সুস্থ হওয়ার পর অখিল চন্দ্র সরকারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ‘দীর্ঘদিন ধরেই ক্লিনিকে মানুষের সেবায় নিয়োজিত আছি। মানুষের দোয়া-আশির্বাদের কারণেই আজ আমি সুস্থ্য হতে পেরেছি।’ তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। 

উল্লেখ্য, গত ৭ এপ্রিল করোনা টেস্টে পজিটিভ আসলে খবর পেয়ে ওই রাতেই তাকে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।