রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কের উজোবাজারে (গঙ্গারাম বাজার) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় এলাকাটি এখনো থমথমে, কাটেনি আতঙ্ক। ঘটনার জেরে আজ দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথে অবরোধ ডেকেছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামে পাহাড়িদের একটি সংগঠন।
অন্যদিকে ইউপিডিএফ ‘ঘনিষ্ঠ’ স্থানীয় দুটি সংগঠনের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকা এবং প্রশাসনের সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞায় কার্যত সাজেক এখন পর্যটকশূন্য। অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে আর্থিক ঝুঁকিতে পড়েছেন সাজেককেন্দ্রিক পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তারা। সাজেক উপত্যকায় অবস্থিত শতাধিক রিসোর্ট-কটেজের বুকিং বাতিল হওয়ায় অর্থফেরত দিতে হচ্ছে ব্যবসায়ীদের। সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবিতে গতকাল বিকালে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছেন পর্যটন উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার দুপুরে সংঘাতের পর উজোবাজারের দোকান পাট বন্ধ রয়েছে। গতকাল সাজেক সড়কের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে টায়ার জ্বালিয়ে অবরোধ পালনের কথা জানা গেছে। গতকাল সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর, ১৪ কিলোসহ সাজেক সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেছেন অবরোধকারীরা। অবরোধে যানচলাচলে বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উজোবাজার এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকার মানুষ তাদের ঘরবাড়ি, দোকানপাট ফেলে অন্য জায়গায় পালিয়ে গেছে। ভয়ে, আতঙ্কে তারা এলাকায় ফিরতে পারছে না। বাজারে দোকানপাট এখনো বন্ধ রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।









