ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বেলতলী এলাকায় একটি যাত্রীবাহী  মাহেন্দ্র অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী(৩০) ও পারাইল গ্রামের আমজাদ আলীর ছেলে পলাশ মিয়া(২০)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার বেলতলী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র অটোরিকশার দুইযাত্রী নিহত হন। মাহেন্দ্রতে থাকা আরো সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত দুই যাত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।