জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. দৌলতুন্নাহার খানম বেবি এবং সাধারণ সম্পাদক নেছার আহমেদ।

ড. দৌলতুন্নাহার খানম বিশ্ববিদ্যালয়ের সাবেক (৭ম ব্যাচ) শিক্ষার্থী। তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এবং ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর নেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক নেছার আহমেদ বিশ্ববিদ্যালয়ের সাবেক (১৫তম ব্যাচ) শিক্ষার্থী এবং ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটির সদস্য ও সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গতকাল শনিবার বিকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সভায় ৪১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নির্বাচনের আগে সকালে ‘প্রাক-বাজেট ২০২৬-২০২৭: অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জনমুখী বাজেট গঠনে আমাদের প্রত্যাশা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম এ নতুন কমিটি ঘোষণা করেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, এম মফিজুল ইসলাম, দীল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান মোল্লা কামাল, উৎপল কুমার সাহা, এম গোলাম মোস্তফা, মো. তাহিয়াত হোসেন ও বিধান ত্রিপুরা। কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম। যুগ্ম সম্পাদক হয়েছেন নারায়ণ চন্দ্র সরকার ও মুহাম্মদ মাহবুব আলম স্বপন এবং সহসম্পাদক হয়েছেন মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল ও মুহাম্মদ হাদিউজ্জামান সৌরভ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ এসরারুল হক সোপেন, অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাসু; মহিলাবিষয়ক সম্পাদক শামীম আরা সুলতানা গনি (নিলু); সহ মহিলাবিষয়ক সম্পাদক শামীমা আক্তার; শিক্ষা-গবেষণা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক তৌফিকুল ইসলাম খান; প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন; সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো: আল আমিন; দফতর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: শামসুল আরেফিন রাজিব; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. রাজিয়া মাহবুবা আক্তার শরমিন; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।

এতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন এইচ এম মাহফুজুর রহমান, মো. মঈন উদ্দিন, মাসুম আলী, মো. গোলাম রাব্বানী, জামশেদুর রহমান রুবেল, নুরুন নবী নবাব, মো. আবদুস সোবাহান, নেওয়াজ খুরশিদ আহমেদ, আনোয়ার ফারুক তালুকদার শামীম, লাইলা হাসিন, মো. শামসুল আলম পাভেল, মো. কামাল হোসেন, নুসরাত আফরোজ তানিয়া, তাহের মাহমুদ, ইসতিয়াক রায়হান।