মুচি পরিচয়ে কাঁধে কাঠের বাক্স ঝুলিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জুতা সেলাই করে বেড়াতেন মিঠুন দাস (২৬)। কিন্তু তার আসল পেশা মাদকের ব্যবসা। জুতা সেলাইয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত ছিলেন তিনি। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছে পাওয়া যায় ৫১০ গ্রাম হেরোইন। যার অর্থমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

গ্রেফতার মিঠুন দাসের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকনারায়নপুর এলাকায়। তিনি নগরীর শিরোইল কলোনীর ৩ নম্বর গলিতে অস্থায়ীভাবে বাস করতেন।

র‌্যাব জানিয়েছে, মুচি পরিচয়ে জেলার গোদাগাড়ী এবং পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন তিনি। সঙ্গে থাকা কাঠের বাক্সে করে অভিনব কায়দায় মাদক পাচার করতেন মিঠুন। গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে ধরেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক আমিনুল ইসলাম। গ্রেফতারের পর মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মিঠুন। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।