মুন্সিগঞ্জের শ্রীনগরের পূ্র্ব বেজগাঁও এলাকায় একটি কবরস্থানের ছয়টি কবর থেকে ছয়টি মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। ৩ দিন আগেও এই কবরস্থানে একই রকম ঘটনা ঘটেছিল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চোর চক্র এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান কবরস্থানের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা কবরগুলো খোঁড়া দেখে সেখানে তল্লাসী চালিয়ে দেখেন, কঙ্কাল থেকে মাথার খুলি চুরি হয়ে গেছে। পরে তারা পুলিশকে খবর দেয়।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কবরটিতে প্রাচীর না থাকায় অতি সহজে চোর চক্র চুরি করে পালিয়ে যেতে পারে।

তিনি বলেন, জাদুবিদ্যায় জড়িত কেউ কিংবা তন্ত্র মন্ত্রকারীরা খুলিগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে চার দিনের মাথায় দুইবার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

অতিদ্রুত চোর চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।