বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ অস্বাভাবিক অবস্থায় রয়েছে। নির্বাচিত সরকার না থাকার কারণে অন্তর্বর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছেন।’
গতকাল সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবু আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এ কাজ শেষ করতে পারব।’ মসজিদ নির্মাণের কাজে শৈশবের স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘এ মসজিদের কাজ যখন শুরু হয়, আমরা হাই স্কুলে পড়তাম। ছাত্ররা লাইন ধরে এসে মসজিদের নির্মাণকাজে অংশগ্রহণ করেছিলাম। ইট বহন ও বস্তা বহনের কাজ করেছিলাম।’










