আগস্ট থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। এর আওতায় ৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি চলবে ছয় মাস। গত বছর এটা ছিল পাঁচ মাস। প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এ কর্মসূচি চলবে। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস কর্মসূচি স্থগিত থাকবে। এরপর ফেব্রুয়ারি ও মার্চ দুই মাস পুনরায় কর্মসূচি চলবে।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক। এরপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং বন্যার বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে সরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চার লাখ টন চাল আমদানি করা হবে। এছাড়াও বেসরকারি খাতে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য বলা হয়েছে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।