সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর পাঁচ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
গতকাল রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কার্তিক কুমার ঘোষ(৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।
সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু, আসামীপক্ষে ছিলেন এ্যাড. এসএম হায়দর।
আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবীতে শিপ্রা ঘোষকে তার স্বামী কার্তিক ঘোষ পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ছয় জনের নামে চার্জশিট দেন।
১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ড দেন এবং এই মামলার অপর পাঁচ আসামী- চায়না ঘোষ, জুতিখা ঘোষ, পচা ঘোষ, জয়দেব ঘোষ ও সুন্দরী ঘোষকে বেকসুর খালাস দেন।










