অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে প্রায় ১৮ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন তরিকুল ইসলাম (২৭) নামের এক ভারতীয় নাগরিক। 

আজ মঙ্গলবার সকাল ১১টার সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি অভিবাসন পুলিশের নিকট ওই ভারতীয় নাগরিককে হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন পুলিশ। ভারতে ফেরত যাওয়া তরিকুল ইসলামের ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া থানার বোদাগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মোত্তালেব হোসেন বলেন, গত ২০১৮ সালের জুন মাসের ২৭ তারিখ সকালে তরিকুল ইসলাম নামের ওই ভারতীয় নাগরিক পঞ্চগড়ের ভজনপুর সীমান্ত এলাকা দিয়ে কোনপ্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করে। এর পরে থানা তাকে আদলতে উপস্থাপন করলে আদালত তাকে অনুপ্রবেশের দায়ে ১ মাস ২০ দিনের সাজা ও ১ হাজার টাকা জরিমানা করেন।

এর পরে তার সাজার মেয়াদ শেষ হলেও ভারতীয় নাগরিক হওয়ায় দুদেশের মাঝে চিঠি আদান প্রদানের মাধ্যমে আজ তার মুক্তির আদেশ হলে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে সকালে আমাদের নিকট হস্তান্তর করেন। পরে ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে আমরা তাকে ভারতীয় অভিবাসন পুলিশের নিকট হস্তান্তর করেছি।