দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইউএনওর মাথায় আঘাতকারী আসাদুল হককে (৩৫) আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে হিলির কালিগঞ্জ এলাকা থেকে আসাদুলকে আটক করা হয়। তিনি ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের আমজাদ হোসেনের ছেলে। জাহাঙ্গীর হোসেন নামের অপর একজনকে ঘোড়াঘাট এলাকা থেকে আটক করেছে একই দল। তিনি ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র্যাব, রংপুরের একটি দল যৌথভাবে আজ ভোর ৪টা ৫০ মিনিটে হিলির কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসাদুল হককে আটক করে। ইউএনওর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছেন তিনিই। তাকে রংপুরে র্যাব কার্যালয়ে নেয়া হচ্ছে।
এর আগে হামলার ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
>> দুর্বৃত্তের হামলায় আইসিইউতে ঘোড়াঘাটের ইউএনও
>> ‘ঘোড়াঘাটের ইউএনওকে হত্যার উদ্দেশ্যেই হামলা’









