পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’-র ৩৪টি বাচ্চা ফুটেছে।
আজ বুধবার (১৩ মে) সকালে বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়েছে। এখন কচ্ছপের জন্য তৈরি হ্যাচিং প্যানে রাখা হয়েছে। ছয় মাস পরে অন্য জায়গায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
১০ মার্চ একটি বাটাগুর বাসকা কচ্ছপ ৩৫টি ডিম দেয়। সেখান থেকে ৩৪টি বাচ্চা ফুটলো। এর আগেও এই বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে পাঁচবার বাটাগুরের বাচ্চা ফুটেছে। এর মধ্যে ২০১৭ সালে দুটি কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭ টি বাচ্চা হয়। ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৬ ডিম থেকে ২১ টি বাচ্চা পাওয়া যায়। সর্বশেষ ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২ টি ডিম থেকে ৩২ টি বাচ্চা পাওয়া যায়।
সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ৩৫টি ডিম তারা প্রাকৃতিক ইনকিউবেটরে রেথেছিলেন। সেখান থেকে আজ ৩৪টি বাচ্চা ফুটে বের হয়েছে। হ্যাচিং প্যানে ছানাগুলোকে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও যত্নআত্তি নেয়া হচ্ছে। ছয় মাস পরে অন্য খাঁচায় স্থানান্তর করা হবে।
এদিকে ২৭ মার্চ আরেকটি কচ্ছপ ২১টি ডিম দিয়েছে। ২৭ বা ২৮ মে সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে বলে আশা করছেন তিনি।









