পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আমাদের সম্পদ। তবে তিনি ক্রিমিনালি কাজ করেছেন। তিনি তার শ্রমিকদের পয়সা না দিয়ে তাদের ঠকিয়েছেন। এজন্য আদালতের মাধ্যমে তার বিচার হয়েছে। এটা কোর্টের ব্যাপার। আদালতে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তিনি পেয়েছেন।’
গতকাল সন্ধ্যায় নগরের হাফিজ কমপ্লেক্সে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের এ প্রার্থী। মতবিনিময় শেষে ড. ইউনূসের কারাদণ্ডের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, ‘ড. ইউনূস একজন নোবেল লরিয়েট। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। পৃথিবীতে অনেক নোবেল লরিয়েটই অন্যায় করেছেন, ক্রিমিনালি করেছেন। এজন্য তাদের শাস্তি হয়েছে। এতে কারো সঙ্গে কারো সম্পর্ক নষ্ট হয়নি। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে। ফলে ড. ইউনূসের সাজায় আমাদের কোনো সমস্যা হবে না।’
এবারের ‘নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত’—সম্প্রতি বিবিসিতে প্রকাশিত এ রকম একটি সংবাদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিবিসি একটি মিডিয়া। মিডিয়া অনেক সময় আকর্ষণীয় কিছু করে পাঠক টানতে চায়। তারা প্রায়ই এ রকম করে। কিন্তু মিডিয়ার রিপোর্ট দেখে কোনো দেশই তাদের পররাষ্ট্রনীতি ঠিক করে না।’
এর আগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, ফারুক আহমদ চৌধুরী, ফকরুল চৌধুরী, কল্লোল আহমদ, কাজী কায়েস, সাজেদুর রহমান, ইফজাল চৌধুরী, আহমেদুল কবীর প্রমুখ।










