শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমি ও মৎস্য খামারেও ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গতকাল প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য।
দুর্গত মানুষের সহায়তায় সরকার দুই জেলার জন্য মোট ৫২০ টন চাল, ৪৯ লাখ টাকা, ৩০০ বান্ডিল ঢেউটিন এবং ১০ লাখ টাকার শুকনো খাবার বরাদ্দ দিয়েছে। তবে নিম্নাঞ্চলের অনেক এলাকায় এখনো স্বাভাবিক জনজীবন ফেরেনি।
জেলা প্রশাসনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড় ও মহালছড়ি উপজেলার ১৬টি ইউনিয়ন ও চারটি ওয়ার্ড বন্যাকবলিত হয়েছে। বর্তমানে জেলায় ১৫০টি পরিবার পানিবন্দি রয়েছে। আর ৭৫৬টি বসতবাড়ি আংশিক এবং ২৭৫টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০২ দশমিক ৬৭ কিলোমিটার সড়ক, ৩৬টি সেতু ও কালভার্ট এবং ১২টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায়। পানিতে তলিয়ে গেছে মাঠে থাকা প্রায় ১৮ থেকে ২০ শতাংশ কৃষিজমির ফসল। দুর্গত মানুষের সহায়তায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে ৪০০ টন চাল ও ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজারের সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার ৭২টি গ্রাম প্লাবিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৯৬৯টি বসতবাড়ি। এছাড়া ২৯৮টি গবাদিপশু ও ১২৪টি হাঁস-মুরগির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মৌলভীবাজারের নদ-নদীর পানি কমছে। তবে নিম্নাঞ্চলে পানি জমে থাকায় কৃষি, মৎস্য ও জনজীবনে এর প্রভাব এখনো রয়ে গেছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির হিসাবটি প্রাথমিক। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে মাঠপর্যায়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, অবকাঠামো সংস্কার এবং কৃষি উৎপাদন পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। জেলার দুর্গতদের জন্য এখন পর্যন্ত বরাদ্দ দেয়া হয়েছে ১২০ টন চাল, ৯ লাখ টাকা, ১০ লাখ টাকার শুকনো খাবার এবং ৩০০ বান্ডিল ঢেউটিন।










