এ উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ জানান, ২২তম বারের মতো বাংলাদেশ গণিত দল এ বছর আইএমওতে অংশ নিচ্ছে। ৬৭তম আইএমওর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৪ জুলাই।
তিনি আরো জানান, চীনের বেইজিং শহরে অনুষ্ঠেয় চতুর্থ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্প ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ গণিত দল আগামীকাল রওনা হবে। সামার ক্যাম্প শেষে ১৩ জুলাই বাংলাদেশ দল আইএমওতে যোগ দেবে এবং ২০ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে গণিতের এ বিশ্ব আসর।
বাংলাদেশ দলের সদস্যরা হলো ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইমপেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাহসিন খান। এছাড়া দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুবুল আলম মজুমদার, উপদলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি ইনস্টিটিউটের অধ্যাপক ড. বিএম ময়নুল ইসলাম। উল্লেখ্য ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে।










